
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে উদযাপন নিশ্চিত করতে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উদ্যোগে মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার **মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা**।
সভায় পুলিশ কমিশনার বলেন, খুলনা নগরীর সব ধর্মের মানুষ সমান অংশীদার। হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মীয় ও সামাজিক সংগঠন কেএমপির গুরুত্বপূর্ণ অংশীদার। সব ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কেএমপি বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, দেশ ও জনগণের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা আরও জোরদার করা হবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার, বিশেষ পুলিশ সুপারসহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা গোপী কিষাণ, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, সহ-সভাপতি অধ্যাপক তারক চাঁদ ঢালী, খুলনা সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহাসহ পরিষদের অন্যান্য নেতারা অংশ নেন।


