
খুলনা মহানগরীর লবণচরা এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. ডালিম খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। অভিযানে তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
গ্রেপ্তার অন্য দুজন হলেন রানা (২৫) ও আব্দুল্লাহ আল নোমান (২৮)। তারা সবাই খুলনার লবণচরা থানা এলাকার বাসিন্দা।
এসআরবি-৬ জানায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে লবণচরা থানার আমতলা দ্বিতীয় গলিতে অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিন রাউন্ড সীসার গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এসআরবি-৬-এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, বাহিনীর সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এসব অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন মামলার আসামি, সন্ত্রাসী, ডাকাত ও অপহরণে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে।


