
খুলনার ডুমুরিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে তরিকুল ইসলাম (৩৫) নামে এক ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফার সানার চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের ছেলে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ২টার দিকে তরিকুল চায়ের দোকানটির ভেতরে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন সশস্ত্র ব্যক্তি সেখানে এসে দোকানে ঢোকে। পরে তারা খুব কাছ থেকে তরিকুলের মাথায় গুলি করে। গুলির শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করলে হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায়। ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়।
খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতের স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে এবং এলাকায় অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। তাঁরা দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


