
খুলনার ব্যস্ততম শিববাড়ি মোড়ের একটি দেয়ালচিত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আবারও বিকৃত করার অভিযোগ উঠেছে। রোববার (২২ নভেম্বর) সকালে স্থানীয়রা দেয়ালচিত্রে কবির মুখমণ্ডল কালো রঙে ঢাকা অবস্থায় দেখতে পান। একই স্থানে অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটল।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবনের বিপরীত পাশের দেয়ালে দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি ও গ্রাফিতি আঁকা হয়েছিল। সেখানে কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও ওসমান হাদির চিত্রকর্ম অক্ষত রয়েছে। তবে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখমণ্ডলে স্প্রে পেইন্ট দিয়ে কালো রং করা হয়েছে।
ঘটনার বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ শুরু হয়েছে।
এর আগে চলতি মাসের ৬ নভেম্বর যশোর রোডসংলগ্ন রেলস্টেশন এলাকার একটি দেয়ালচিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদ জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা। পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর হস্তক্ষেপে পরদিন প্রতিকৃতিটি সংস্কার করে নতুন করে আঁকা হয়।
তবে দুই সপ্তাহের ব্যবধানে আবারও একই ধরনের ঘটনা ঘটায় নগরীর সাংস্কৃতিক কর্মী ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


