সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৫-২০২৬ এর শুভ উদ্বোধন | চ্যানেল খুলনা

কুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৫-২০২৬ এর শুভ উদ্বোধন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে “আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৫-২০২৬”। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় ও প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “দাবা এমন একটি বুদ্ধিবৃত্তিক খেলা, যা মানুষের চিন্তাশক্তি, ধৈর্য, বিশ্লেষণী ক্ষমতা ও দূরদর্শিতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান অর্জন করলেই হবে না, পাশাপাশি সৃজনশীল চিন্তা, কৌশলগত পরিকল্পনা এবং সমস্যা সমাধানের দক্ষতাও অর্জন করতে হবে। দাবা সেই দক্ষতা বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম।

তিনি আরও বলেন, “আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একত্রিত করার মাধ্যমে এ ধরনের আয়োজন জ্ঞান, সংস্কৃতি ও অভিজ্ঞতা বিনিময়েরও একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করে। কুয়েট সবসময় একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দিয়ে থাকে। আমি বিশ্বাস করি, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্য অর্জনে তাদের অনুপ্রাণিত করবে।”

সভাপতির বক্তব্যে পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে।” তিনি সফলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান।

স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাহমুদুল আলাম। এছাড়া বক্তব্য রাখেন ছাত্র কল্যাণ দপ্তরের উপ-পরিচালক ও আয়োজক কমিটির সদস্য-সচিব রাজন কুমার রাহা, প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াস আক্তার, প্রোভোস্ট, খানজাহান আলী হল এবং বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মোঃ মাহবুবুল আলম।

উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহ হলো- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত খেলোয়াড়, কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৫-২০২৬ এর শুভ উদ্বোধন

খুবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ও বিসিএসও’র খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

তরুণের হাতে মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চাই: হুইপ বকুল

বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে মানুষের ঢল, প্রশংসায় ভাসছে ‘অগ্রপথিক সাচিয়াদহ’

খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সদস্য শিক্ষা ˆবঠক

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নামে ভুয়া প্রচারণা, জিডি দায়ের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।