
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে সরাসরি এসব হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ জানান মাহমুদা মিতু। একই সঙ্গে হুমকির কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি। এর মধ্যে ভারতীয় নম্বর থেকে ‘লরেন্স বিষ্ণোই’ পরিচয়ে পাঠানো একটি হুমকির বার্তাও রয়েছে।
ওই পোস্টে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে আবেগপ্রবণ হয়ে পড়া এবং একপর্যায়ে মেজাজ হারানোর কারণও ব্যাখ্যা করেন এই সংসদ সদস্য।
মাহমুদা মিতু লেখেন, সংসদে তিনি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তাঁর ভাষ্য, শত শত শহীদের রক্ত এবং আহত ব্যক্তিদের ত্যাগের মধ্য দিয়ে বর্তমান সংসদের যাত্রা। জুলাই আন্দোলনের সমন্বয়ক হান্নান মাসুদ ও এক দফার ঘোষক নাহিদ ইসলামের মতো ব্যক্তিদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ। অথচ তাঁদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই অসম্মানজনক ভাষায় কথা বলা হচ্ছে।
সংসদে হান্নান মাসুদকে বারবার ‘বস’ ও ‘বেয়াদব’ বলে সম্বোধন করা হচ্ছিল উল্লেখ করে মিতু বলেন, তখন তিনি প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, হত্যার হুমকি ও বাড়িতে আগুন দেওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি তাঁদেরই হতে হয়। পরিবার ও নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে কতটা সাহস প্রয়োজন, তা সমঝোতা করে চলা ব্যক্তিরা বুঝবেন না বলেও মন্তব্য করেন তিনি।
নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মিতু লেখেন, গত সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন। এর আগেও এমন হুমকি পেয়েছেন তিনি। তবে বিষয়টি জানালেও নুসরাতের ঘটনার মতো তা গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এই সংসদ সদস্য।
পোস্টে শহীদ ওসমান হাদির একটি বক্তব্যও স্মরণ করেন তিনি। মিতু লেখেন, ‘হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’
প্রকাশিত স্ক্রিনশটে ভারতীয় নম্বর থেকে ‘লরেন্স বিষ্ণোই’ পরিচয়ে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর বিষয়টি দেখা যায়। লরেন্স বিষ্ণোই একজন ভারতীয় গ্যাংস্টার। বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি এবং পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুস ওয়ালাকে হত্যার পরিকল্পনার অভিযোগে তাঁর নাম আলোচনায় এসেছে।


