
ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিতে প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছে ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন নিরাপত্তা মন্ত্রিসভা। তবে এ উদ্যোগের বিরোধিতা করেছেন ইয়াশার পার্টির নেতা ও ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট। তিনি পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত অপ্রয়োজনীয় সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান বুধবার গভীর রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি জোরদার করতে আইডিএফকে নির্দেশ দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। পদাধিকারবলে এই মন্ত্রিসভার প্রধান নেতানিয়াহু।
কানের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা মন্ত্রিসভার এই নির্দেশনার ফলে ইসরায়েলি সামরিক বাহিনী এমন কিছু পদক্ষেপ নিতে পারে, যা নতুন করে যুদ্ধের সূচনা ঘটাতে পারে।
নিরাপত্তা মন্ত্রিসভার নির্দেশনার খবর প্রকাশ্যে আসে গাদি আইজেনকোটের একটি বিবৃতির পর। বিবৃতিতে তিনি নেতানিয়াহুকে পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত এমন কোনো সামরিক অভিযান না চালানোর আহ্বান জানান, যা কিছুদিন অপেক্ষা করলেও বড় কোনো ক্ষতি হবে না।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট বলেন, ‘প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি না থাকলে নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা উচিত নয়। এ ধরনের পদক্ষেপ ইসরায়েলের গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থার জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে।’
নেতানিয়াহুকে সংযম দেখানোর আহ্বান জানানোর পাশাপাশি নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাংবিধানিক সংকটের মুখে না ফেলার অনুরোধও করেছেন আইজেনকোট। তাঁর ভাষ্য, এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যেখানে কর্মকর্তাদের সিদ্ধান্ত নিতে হয়—কোন আদেশ তাঁরা পালন করবেন।
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সর্বশেষ সরাসরি বৈঠক হয়েছিল গত ৫ অক্টোবর। দেশটির দৈনিক ইয়েদিওথ আহরোনোথের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী রোববার মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১০ নভেম্বর ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে নেতানিয়াহু ও ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামিরের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর পরিকল্পিত পদক্ষেপকে অবিবেচনাপ্রসূত বলে মনে করছেন জামির। তাঁর আশঙ্কা, এমন সময়ে সামরিক অভিযান চালানো হলে আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন কোনো সংঘাতে জড়াতে আগ্রহী নন বলে মনে করা হচ্ছে।


