সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইয়াবা ও ঘুষের অভিযোগের পর এবার অডিও বিতর্কে ওসি নোমান প্রত্যাহার | চ্যানেল খুলনা

ইয়াবা ও ঘুষের অভিযোগের পর এবার অডিও বিতর্কে ওসি নোমান প্রত্যাহার

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এক নারীর সঙ্গে তাঁর কথোপকথনের দুটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তাঁকে থানা থেকে সরিয়ে নেওয়া হয়। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কলরেকর্ডের বিষয়টি নজরে আসার পর ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী তদন্ত করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৯ সালের নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি থাকাকালে ফয়জুল আজীম নোমানের থাকার কক্ষ থেকে কয়েকশ পিস ইয়াবা উদ্ধারের ঘটনা আলোচনায় আসে। থানার বাবুর্চি জাহিদ ভূঁইয়া সেগুলো বাসায় নিয়ে যাওয়ার পর তাঁকে আটক করে পুলিশ। পরে ৩১০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

জাহিদের স্ত্রী আবেদা বেগমের দাবি ছিল, ওসির কক্ষ পরিষ্কারের সময় ওষুধ মনে করে ইয়াবাগুলো তাঁরা বাসায় নিয়ে গিয়েছিলেন। বিষয়টি জানার পর ওসি তাঁর স্বামীকে ফাঁসিয়েছেন। অন্যদিকে, ওসি নোমানের দাবি ছিল, জাহিদ বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো সেখানে রেখেছিলেন। তবে নিজের কক্ষে ইয়াবা থাকার বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি।

ওই ঘটনার পর ২০১৯ সালের ২৬ নভেম্বর ফয়জুল আজীম নোমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলির আদেশ দেওয়া হয়। ৫ ডিসেম্বরের মধ্যে তাঁকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছিল।

এর প্রায় পাঁচ বছর পর ২০২৪ সালের সেপ্টেম্বরে কক্সবাজার সদর মডেল থানায় যোগ দেন তিনি। তবে যোগদানের ৫৮ দিনের মাথায় ১৭ নভেম্বর তাঁকে ওই থানা থেকে প্রত্যাহার করা হয়। চট্টগ্রাম বিভাগের তৎকালীন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (ডিআইজি) আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। ওই সময় তাঁর বিরুদ্ধে সাংবাদিক বিদ্বেষ, ঘুষ ও মামলা-বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ ওঠার কথা গণমাধ্যমে প্রকাশিত হয়।

সর্বশেষ দাগনভূঞা থানার ওসি হিসেবে দায়িত্ব পালনের সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে তাঁর কথোপকথনের দুটি অডিও ছড়িয়ে পড়ে।

অডিও দুটির একটির দৈর্ঘ্য ৩ মিনিট ৩৬ সেকেন্ড, অন্যটির ৬ মিনিট ২০ সেকেন্ড। প্রথম অডিওতে ওই নারীকে নিজের বাংলোয় আসার জন্য বারবার তাগাদা দিতে শোনা যায় ওসি নোমানকে। কোথা থেকে কীভাবে আসতে হবে, কোথায় গাড়ি বদলাতে হবে এবং ভাড়া কত লাগবে, তা-ও বুঝিয়ে দেন তিনি। ওই নারী পৌঁছালে গাড়িভাড়া পরিশোধের কথাও বলেন।

কথোপকথনের একপর্যায়ে ওসিকে বলতে শোনা যায়, ‘সমস্যা-টমস্যা কিছু নাই তো তোমার। এখন দায়িত্ব তো ওসি সাহেবের, আর ওসি ঠিক সব ঠিক-বুঝো নাই? তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা।’

দ্বিতীয় অডিওতে দুই লাখ টাকা লেনদেন, মামলা, হুমকি ও পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ নিয়ে তাঁদের কথা হয়। ওই নারী দাবি করেন, একটি মামলায় জামিনের জন্য সেদিন থানায় দুই লাখ টাকা দিয়েছেন তিনি। তুহিন নামের এক কথিত সাংবাদিক তাঁকে ও তাঁর বোনকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন। এ সময় ওসি ওই নারীর সঙ্গে আবারও দেখা করে কথা বলার আগ্রহ প্রকাশ করেন।

অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় ওসির বিরুদ্ধে গ্রেপ্তারের পর থানা হাজতে শ্লীলতাহানি ও আলিঙ্গনের প্রস্তাব দেওয়ার অভিযোগ করেন তাসকিরা তানিন সনি। এসব ঘটনার বিচারও দাবি করেন তিনি।

তবে ফয়জুল আজীম নোমান কথোপকথন নিজের বলে স্বীকার করলেও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, আসামি গ্রেপ্তারের কৌশল এবং অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই ওই নারীকে বাংলোয় আসতে বলেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ওই নারী ষড়যন্ত্র করছেন বলেও দাবি করেন তিনি।

এর আগে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর ওসির সঙ্গে তাঁর কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।

এর আগেও আদালতের নির্দেশে দায়িত্ব থেকে প্রত্যাহারের মুখে পড়েছিলেন ফয়জুল আজীম নোমান। গত আগস্টে মামলা নিতে অস্বীকার করার অভিযোগে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওই আদেশের পর অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেন তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তবে পরবর্তী সময়ে ওসিকে স্বপদে বহাল রাখা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার

গোপালগঞ্জে বিএনপির ছয় নেতার একযোগে পদত্যাগ

টুঙ্গিপাড়ায় বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৬ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন

সিলেট সীমান্তে অনুপ্রবেশের পর বিএসএফ সদস্য বিজিবির হেফাজতে

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্যপাচারের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।