
তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় তুলে আনা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে দেশব্যাপী বড় পরিসরে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আওতায় দেশের প্রায় ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। এতে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ অংশ নেবেন বলে জানান তিনি।
রোববার (২৫ অক্টোবর) খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের মাধ্যমে সমাজ ও পরিবারব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়েও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সব ধরনের প্রতিহিংসা ভুলে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ জাতি গঠনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় খেলাধুলার বিকল্প নেই।
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে সমাজে গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে। বিপুলসংখ্যক ক্রীড়াবিদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। পাশাপাশি জাতীয় ঐক্য সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উপলক্ষে খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপির নেতারা।


