
হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদের সন্ধান দিতে তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে এসব অস্ত্র বা গোলাবারুদের তথ্য দিয়ে উদ্ধারে সহায়তা করলে তথ্যদাতার বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে না। একই সঙ্গে সঠিক তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হলে নির্ধারিত হারে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের (সিপিসি-৩) মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।
হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধার ও সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
র্যাবের গণবিজ্ঞপ্তি অনুযায়ী, রাইফেল, সাবমেশিন গান (এসএমজি), লাইট মেশিনগান (এলএমজি) ও স্নাইপারের অবস্থান বা তথ্য দিয়ে উদ্ধারে সহায়তা করলে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
এ ছাড়া শটগান, পিস্তল ও গ্যাস গানের তথ্যের ক্ষেত্রে ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। প্রতিটি সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের তথ্যের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং সব ধরনের গোলাবারুদের ক্ষেত্রে প্রতি রাউন্ডের জন্য ৫০ টাকা করে পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে র্যাব।
মতবিনিময় সভায় র্যাবের পক্ষ থেকে জানানো হয়, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় তথ্য দিলে আইনি সুরক্ষাও দেওয়া হবে।
তবে ১৫ নভেম্বরের পর কারও কাছে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র বা গোলাবারুদ পাওয়া গেলে কিংবা এ-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব সদর দপ্তরের পক্ষ থেকে জনস্বার্থ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে সভায় জানানো হয়।


