
বর্তমান প্রযুক্তিনির্ভর যুগেও স্মার্টফোন ব্যবহার করেন না খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলান। তার ভাষায়, স্মার্টফোন থাকলে তিনি খুব বাজেভাবে এতে আসক্ত হয়ে পড়তেন।
সম্প্রতি নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে নোলান বলেন, ‘আমি যদি স্মার্টফোন কিনতাম, তবে খুব বাজেভাবে আসক্ত হয়ে পড়তাম। সারাক্ষণ ইন্টারনেটে তথ্য খুঁজতাম।’
নোলান জানান, সাধারণ মানুষ যখন ফোনের স্ক্রিনে ডুবে থাকে, তখনই তিনি নতুন সিনেমার আইডিয়া নিয়ে ভাবেন। ট্রেন, বিমানবন্দর কিংবা রেস্তোরাঁয় অপেক্ষার সময় তার অনেক কাজের রূপরেখা তৈরি হয়।
চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত ব্যবহারেরও সমালোচনা করেন ‘ওপেনহাইমার’ নির্মাতা। তার মতে, নতুন প্রজন্ম এআই দিয়ে তৈরি কৃত্রিম বিষয় দ্রুত শনাক্ত করে এবং বাস্তব গল্পের প্রতি বেশি আগ্রহ দেখায়।
হোমারের প্রাচীন গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। আগামী ১৭ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


