
যশোরের শার্শায় অভিযান চালিয়ে ২৬টি স্বর্ণের বারসহ রিপন (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বাগআঁচড়া এলাকার একটি মার্কেটের ভেতর থেকে তাকে আটক করা হয়। রিপন শার্শা থানার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রুদ্রপুর বিওপির একটি দল বাগআঁচড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে রিপনকে আটক করার পর তার কাছ থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ৩ হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।
এ ছাড়া দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়েছে।
২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধার করা স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জব্দ করা মোটরসাইকেল, মোবাইল ফোন ও স্মার্ট ঘড়িসহ আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।
তিনি বলেন, দেশের অর্থনীতি রক্ষা এবং সীমান্তে চোরাচালান ও মাদক পাচার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে বাহিনীটি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।


