
দিল্লির যন্তর মন্তরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং তার প্রয়াত মাকে গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ করেছে ভারতের ক্ষমতাসীন দল। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে বিক্ষোভকারীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদী বলেন, ‘‘যন্তর মন্তরে যা ঘটেছে, তা দেশ-বিদেশের মানুষ দেখেছে। কিছু ‘দুষ্টু বাচ্চা’ এমন ভাষা ব্যবহার করেছে, যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, তাকে গালিগালাজ করার পাশাপাশি তার প্রয়াত মাকেও কটূক্তি করা হয়েছে।’’
মোদী বলেন, “যৌবনে ভুল-ত্রুটি হয়েই থাকে। ভুল থেকে নিজেকে শুধরে নেওয়ার সুযোগও থাকা উচিত। আমি এটিকে এক ধরনের ছেলেমানুষি হিসেবেই দেখি।”
তিনি আরও বলেন, এই ঘটনায় সমাজে ক্ষোভ তৈরি হলেও তরুণদের আদালত ও আইনি জটিলতার দিকে ঠেলে না দিয়ে সঠিক পথ দেখানোই বেশি জরুরি। তার ভাষায়, “এরা বিপথগামী বাচ্চা। তাদের সঠিক পথ দেখানো আমাদের দায়িত্ব। শাস্তি দিয়ে বা সমাজে হেনস্তা করে পরিস্থিতির পরিবর্তন আনা যাবে না।”
শিক্ষার্থীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়ে মোদি সমাজের প্রতিও একই আহ্বান জানান। একটি উপমা টেনে তিনি বলেন, “ভুলবশত জিভে কামড় লাগলে মানুষ যেমন নিজের দাঁত ভেঙে ফেলে না, তেমনি কোনো ভুলের কারণে সমাজেরও উচিত নয় নিজেদের ছেলেমেয়েদের পরিত্যাগ করা।”
সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই বিক্ষোভে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আপত্তিকর স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলে ভারতের ক্ষমতাসীন দল।


