
মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত দিচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। মুক্তির কয়েক মাস আগেই ছবিটির দুই পর্বের সংগীতস্বত্ব প্রায় ৮০ কোটি টাকায় বিক্রি হয়েছে বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
স্বত্বটি কিনে নিয়েছে ভারতের অন্যতম বড় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ। হিন্দি সিনেমার ইতিহাসে সংগীতস্বত্ব বিক্রির ক্ষেত্রে এটি অন্যতম বড় অঙ্কের চুক্তি বলে মনে করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘রামায়ণ’-এর প্রথম ও দ্বিতীয় পর্বের সব ভাষার সংগীতস্বত্বই এই চুক্তির আওতায় রয়েছে। স্বত্ব কেনার দৌড়ে টি-সিরিজের পাশাপাশি ছিল সনি মিউজিকও।
তবে শেষ পর্যন্ত প্রায় ৮০ কোটি টাকার বিনিময়ে স্বত্ব নিশ্চিত করেছে টি-সিরিজ। জানা গেছে, চুক্তির অর্থ ফেরতযোগ্য অগ্রিম হিসেবে দেওয়া হবে।
এর মধ্য দিয়ে সংগীতস্বত্ব বিক্রির ক্ষেত্রে আগের একটি আলোচিত রেকর্ডও ছাড়িয়ে গেছে ‘রামায়ণ’। চলতি বছর রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর সংগীতস্বত্ব নিয়ে প্রথমে ৫০ থেকে ৬৫ কোটি টাকার চুক্তির খবর ছড়িয়েছিল।
পরে নির্মাতা পক্ষের সূত্র জানায়, প্রকৃতপক্ষে ওই চুক্তির মূল্য ছিল ৩০ কোটি টাকা। সেই তুলনায় ‘রামায়ণ’-এর ৮০ কোটি টাকার চুক্তি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।


