
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ধরার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোনামণি ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি মো. ইয়াছিনকে (৩৭) আটক করা হয়। অভিযানের খবর পেয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি ক্লিনিকের কয়েকজন প্রতিনিধি ঘটনাস্থল থেকে সরে যান বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, হাসপাতাল থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের বিভিন্নভাবে প্রভাবিত করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অভিযানে আটক ইয়াছিনকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফ নেওয়াজ।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানভীর মাহমুদ অনিক এবং ফকিরহাট মডেল থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফ নেওয়াজ বলেন, রোগী ও স্বজনদের প্রতারণা ও হয়রানি থেকে সুরক্ষা এবং হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের কার্যক্রম বন্ধে এ অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


