
নিলয় ও হিমি অভিনীত ধারাবাহিক নাটক ‘প্রথম প্রেমের গল্প’ প্রচারের পরই নকলের অভিযোগ উঠেছে। পাকিস্তানি সিরিয়াল ‘শাইদাই’ থেকে গল্প, দৃশ্য ও চরিত্রের পোশাক পর্যন্ত নকল করার অভিযোগ তুলেছেন দর্শকদের একাংশ। তবে এসব সমালোচনাকে বড় করে দেখছেন না নাটকটির নির্মাতা তানভীর তন্ময়। তাঁর দাবি, বিদেশি সিরিয়াল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ শুরু হলেও সামনে ধারাবাহিকটিতে মৌলিক গল্পও তুলে ধরা হবে।
গত ১২ অক্টোবর থেকে প্রচার শুরু হয়েছে ‘প্রথম প্রেমের গল্প’। প্রথম দুই পর্ব প্রকাশের পরই নাটকটির গল্প ও দৃশ্যায়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে আজকের পত্রিকাকে তানভীর তন্ময় বলেন, ‘আমাদের নাটকের শুরুতেই উল্লেখ করা হয়েছে, বিদেশি ড্রামা থেকে অনুপ্রাণিত। কপি গল্প হলেও চেষ্টা করেছি বড় স্কেলে সেই আয়োজন দেখাতে। আরও কয়েকটি পর্বের পর দর্শক বুঝতে পারবেন, এখানে মৌলিক গল্পও আছে। তাই সমালোচনাকে বড় করে দেখছি না।’
নির্মাতা আরও বলেন, সমালোচনার পাশাপাশি অনেকে ইতিবাচক মন্তব্যও করছেন। বড় বাজেটে দেশে নাটক নির্মাণের উদ্যোগকে তাঁরা প্রশংসা করছেন। তাঁর মতে, এ ধরনের কাজ অন্য নির্মাতাদেরও বড় বাজেটে নাটক নির্মাণে উৎসাহিত করতে পারে।
তানভীর তন্ময়ের ভাষ্য, বড় পরিসরে নাটক নির্মাণের সাহস না থাকায় শুরুতে পরিচিত গল্পের ওপর নির্ভর করতে হয়েছে। তবে এর মধ্য দিয়েই ধারাবাহিকটিতে নিজেদের মৌলিক গল্প তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
‘প্রথম প্রেমের গল্প’-এর টাইটেল কার্ডে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নাম থাকলেও চিত্রনাট্যকারের নাম উল্লেখ করা হয়নি। এ বিষয়ে নির্মাতা বলেন, ‘নাটকের লেখককে পরিচয় করাব যখন আমাদের মৌলিক গল্প শুরু হবে। এখন অনুপ্রাণিত গল্পের প্রচার চলছে। তাই মনে হয়েছে, এখন তাঁর নাম উল্লেখ না করাই ভালো।’
চলতি বছরের শুরুতে পাকিস্তানি সিরিয়াল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত আরেকটি ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ জনপ্রিয়তা পেয়েছিল। সেই সাফল্য ‘প্রথম প্রেমের গল্প’ নির্মাণে প্রভাব ফেলেছে কি না, জানতে চাইলে তানভীর তন্ময় বলেন, ওই নাটকের জনপ্রিয়তার কারণে পাকিস্তানি সিরিয়াল থেকে অনুপ্রাণিত হওয়ার সিদ্ধান্ত নেননি তিনি। প্রায় দুই বছর আগেই ধারাবাহিকটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন।
নির্মাতার ভাষ্য, সে সময় অভিনেতা নিলয় একক নাটক নিয়ে ব্যস্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে কয়েকটি সিরিজ জনপ্রিয়তা পাওয়ায় নিলয়ও ধারাবাহিকে অভিনয়ে আগ্রহী হন। একই সঙ্গে তানভীর তন্ময়ের মনে হয়েছে, সিরিজ নির্মাণের জন্য বর্তমান সময়টি উপযুক্ত।
‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে নিলয় ও হিমি ছাড়াও অভিনয় করছেন ফারিন খান, আলী রাজ, সুজাতা, ফারজানা চুমকি ও জাহিদ হোসেন শোভনসহ অনেকে। প্রতি সোমবার ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে নতুন পর্ব।


