
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে পুরস্কার হাতে আনন্দঘন সময় কাটিয়েছেন ঢাকাই শোবিজের চার পরিচিত মুখ নির্মাতা রায়হান রাফী, অভিনেত্রী তমা মির্জা, সামিরা খান মাহি ও তানজিয়া জামান মিথিলা। ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অংশ নিয়ে পুরস্কার জয়ের পর শহরটির ঝলমলে রাতের আলোয় একসঙ্গে ক্যামেরাবন্দী হন তারা।
গত ১০ অক্টোবর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় এবারের ঢালিউড অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানে চার তারকাই পুরস্কার পেয়েছেন। পরে ট্রফি হাতে তাদের একসঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তিন অভিনেত্রীকে ঝলমলে পোশাকে এবং রায়হান রাফীকে সাদা টি-শার্ট ও কালো জ্যাকেটে দেখা যায়।
ছবিগুলো প্রকাশ করে সামিরা খান মাহি লিখেছেন, ‘নিউ ইয়র্ক সিটির এক রাত। অর্জন, বন্ধুত্ব আর দারুণ কিছু স্মৃতির উদযাপন। একটা ভিন্ন শহরে এসে পুরস্কার পাওয়া এবং সেই মুহূর্ত বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া আমার জন্য সত্যিই বিশেষ কিছু। হাসি-আনন্দে ভরপুর এক রাত, যেটার কথা অনেকদিন মনে থাকবে।’
একই আয়োজনের কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন তমা মির্জাও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ থেকে নিউ ইয়র্ক, আমাদের একসঙ্গে প্রথম বিদেশ ভ্রমণ, পুরস্কার গ্রহণ আর নিজেদের অর্জনকে একসঙ্গে উদযাপন করা। এই পথচলা দীর্ঘ, তবে একসঙ্গে থাকার চেয়ে বেশি মূল্যবান আসলে কিছু নেই। আমার বন্ধুদের সঙ্গে এই সুন্দর মুহূর্ত ভাগাভাগি করে নিতে পেরে সত্যিই আনন্দিত। কিছু বন্ধুত্ব আমাদের পথচলাকে সার্থক করে তোলে। এই বন্ধুত্বের জন্য আমি কৃতজ্ঞ।’
তমা মির্জা, সামিরা খান মাহি ও তানজিয়া জামান মিথিলার বন্ধুত্ব বেশ পুরোনো। ঢাকায় একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের বন্ধুত্বের নানা মুহূর্ত দেখা যায়।
অন্যদিকে, নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় একাধিক কাজ করেছেন তমা মির্জা। তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। নিউ ইয়র্কে পুরস্কার হাতে চার তারকার এই একসঙ্গে উদযাপন ভক্তদের নজর কেড়েছে।


