
পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ভারতীয় র্যাপার ও গায়ক বাদশা। পারস্পরিক সমঝোতা ও সম্মানের ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার দিবাগত রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বিবৃতিতে বাদশা বলেন, তারা দুজন নিজেদের পৃথক পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখাতে এবং এ বিষয়ে কোনো জল্পনা না করতে সবার প্রতি অনুরোধ করেন তিনি।
তবে বিচ্ছেদের কারণ জানাননি বাদশা। ইশা রিখিও এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। চলতি বছরের মার্চে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। এর আগে ২০২০ সালে বাদশার প্রথম স্ত্রী জেসমিনের সঙ্গে বিচ্ছেদ হয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে।


