
চট্টগ্রামে দুই শিশুকে ব্যবহার করে পেটের ভেতর ইয়াবা পাচারের সময় শারমিন আকতার ওরফে ইসমত আরা (৪০) নামে এক নারীকে আটক করেছে র্যাব-৭। এ সময় ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়। পরে তাদের পেট থেকে ৬ হাজার ৬১৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেলে চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে র্যাব-৭-এর লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম এসব তথ্য জানান।
র্যাব জানায়, কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রামে ইয়াবা আনার জন্য শারমিন দুই শিশুর পেটে মাদক ঢুকিয়েছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে আনোয়ারার তৈলার দ্বীপ সেতু এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তাঁকে আটক করা হয়।
পরে দুই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এক্স-রে করে তাদের পেটে ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হয়। মলত্যাগের মাধ্যমে ৯ বছর বয়সী শিশুর পেট থেকে ৬৭টি এবং ১২ বছর বয়সী শিশুর পেট থেকে ৬৬টি প্যাকেট বের করা হয়। এসব প্যাকেটে মোট ৬ হাজার ৬১৫টি ইয়াবা ছিল, যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা।
র্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে শারমিন ইয়াবা পাচারের কথা স্বীকার করেছেন। এর আগেও তিনি দুইবার শিশুদের পেটে করে ইয়াবা চট্টগ্রামে এনেছেন বলে জানিয়েছে র্যাব।
চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, এভাবে ইয়াবা বহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্যাকেট ফুটো হয়ে গেলে বা অন্ত্রে আটকে গেলে গুরুতর শারীরিক জটিলতা এমনকি মৃত্যুও হতে পারে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


