
খুলনায় হঠাৎ করেই এলপি গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি প্রায় ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৩৪১ টাকা হলেও খুচরা বাজারে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৮৫০ থেকে ১ হাজার ৯০০ টাকায়, কোথাও কোথাও ২ হাজার টাকাও নেওয়া হচ্ছে।
বুধবার মহানগরের বিভিন্ন এলাকায় এ চিত্র দেখা যায়। একদিন আগেও একই সিলিন্ডার ১ হাজার ৪৫০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছিল। হঠাৎ এ মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
এদিকে, আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) এলপিজির নতুন দাম ঘোষণা করতে পারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
ঘোষণা ছাড়াই দাম বাড়ানোর ঘটনায় ক্ষোভ জানিয়েছে খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনের নেতারা বলেন, বিশ্ববাজারের অজুহাতে একসঙ্গে ৪০০ টাকা দাম বাড়ানো অযৌক্তিক। এতে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে গ্যাস এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা চাপে পড়ছেন।
দ্রুত গ্যাসের মূল্য পুনঃনির্ধারণে সরকারের হস্তক্ষেপও দাবি জানিয়েছেন তারা।


