
অর্থ আত্মসাৎ মামলায় প্রাইম ব্যাংকের খুলনা শাখার সাবেক দুই কর্মকর্তা ও এক ব্যবসায়ীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৫৬১ টাকা ২৯ পয়সা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহাঃ আদীব আলী এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী মোঃ ইয়াছিন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—খান এ সবুর রোডের মেসার্স মিংহুয়া ট্রেড ইন্টারন্যাশনাল ও সাজেদা ওয়াহাব অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী শেখ আবু রাশেদ, প্রাইম ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জহিরুল হক এবং একই শাখার সাবেক ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ কাজী রবিউল ইসলাম।
রায় ঘোষণার সময় তিন আসামির কেউ আদালতে উপস্থিত ছিলেন না। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।


