
গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট কমিটির সভা সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
সভায় ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদানের ক্ষেত্রে আধুনিক ও যুগোপযোগী গাইডলাইন প্রণয়ন এবং এমার্জিং ফ্যাকাল্টি অ্যাওয়ার্ডের জন্য পৃথক গাইডলাইন তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপাচার্য বলেন, গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি এখন দৃশ্যমান। শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় গবেষণা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তাঁদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন ও উৎসাহিত করার লক্ষ্যেই ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তিনি সংশ্লিষ্টদের প্রতি সঠিকভাবে উপযুক্ত অ্যাওয়ার্ডি মনোনয়নের নির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যেও গবেষণামুখী প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাদের উৎসাহিত করতে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে গবেষণা বরাদ্দের পাশাপাশি স্নাতক পর্যায়েও গবেষণা সহায়তা দেওয়া হচ্ছে।
সভায় উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. রুমানা হক, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম এবং গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম।


