সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কিরগিজস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব বাংলাদেশের | চ্যানেল খুলনা

কিরগিজস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব বাংলাদেশের

২০২৬ সালে আর কোনো ফিফা উইন্ডো না থাকায় এ বছর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ নেই বাংলাদেশের। তবে ২০২৭ সালের প্রথম ফিফা উইন্ডোর আগেই প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জানুয়ারির মাঝামাঝি সময়ে তুরস্কে বাংলাদেশের বিপক্ষে এক বা একাধিক ম্যাচ খেলতে চায় কিরগিজস্তান।

সম্প্রতি কিরগিজস্তান ফুটবল ফেডারেশনের কাছ থেকে এ আমন্ত্রণ পেয়েছে বাফুফে। গতকাল জাতীয় দল কমিটির সভায় বিষয়টি পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক এক ম্যানেজার ও কমিটির এক সদস্যকে। সভায় এ সিদ্ধান্ত জানান কমিটির সভাপতি তাবিথ আউয়াল।

২০২৭ সালের প্রথম ফিফা উইন্ডো ২২ থেকে ৩০ মার্চ। এর আগে জানুয়ারিতে ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনা করছে বাফুফে। ২৭ নভেম্বর থেকে বাংলাদেশ ফুটবল লিগ আবার শুরু হচ্ছে। প্রথম লেগ শেষ হবে ১৬ জুন। এরপর মধ্যবর্তী দলবদলের বিরতি থাকবে। ওই সময় জাতীয় দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখছে ফেডারেশন।

তবে জানুয়ারিতে ফিফা উইন্ডো না থাকায় হামজা, ফারহান ও সামিতের মতো প্রবাসী ফুটবলারদের ক্লাব থেকে ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা নেই। এ কারণে জাতীয় দল পাঠানো সম্ভব না হলে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর বিকল্পও ভাবছে বাফুফে। জাতীয় দল কমিটির আগের এক সভায় সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দলকে প্রস্তুত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছিল।

তুরস্কের জানুয়ারির শীত, কিরগিজস্তানের পক্ষ থেকে সম্ভাব্য সুযোগ-সুবিধা এবং বাংলাদেশের সামগ্রিক প্রস্তুতি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফেডারেশন।

এদিকে গতকালের সভায় কোচ থমাস ডুলিকে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে। জাতীয় দলের সঙ্গে থাকা কর্মকর্তাদের দায়িত্ব ও তাঁদের মধ্যে সমন্বয়হীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। বিশেষ করে ম্যানেজার, টিম লিডার ও কো-অর্ডিনেটরের দায়িত্ব পালনে অসংগতি এবং পারস্পরিক দূরত্ব নিয়ে প্রশ্ন তোলেন কমিটির এক সদস্য। পরিস্থিতি তৈরি হওয়ার কারণ এবং তা সমাধানে কার্যকর উদ্যোগ না নেওয়ার জন্য বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকেও প্রশ্নের মুখে পড়তে হয়।

আসিয়ান কাপের পর সাফেও বাংলাদেশ দলের দলনেতার দায়িত্বে ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও ফেডারেশনের সদস্য ইকবাল হোসেন। তবে ক্যাম্প শুরুর পর অনুশীলন মাঠে তাঁকে খুব একটা দেখা যায়নি। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেও তিনি দলের সঙ্গে ছিলেন না। বাংলাদেশ সেমিফাইনালে ওঠার পর আবার তাঁকে দেখা যায়।

শুক্রবার ম্যানেজার বাবুর সঙ্গে হামজাকে দুই পাশ থেকে ধরে নামাজ পড়তে নিয়ে যাওয়ার একটি দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দেয়।

জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন ফুটবলার সাদ উদ্দিন। টুর্নামেন্ট শেষে গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়ের ইনজুরির বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ খোঁজখবর না রাখার বিষয়টিও আলোচনায় এসেছে। এ নিয়ে শেষ পর্যন্ত গতকালের সভায় সাধারণ সম্পাদক ও জাতীয় দল নিয়ে কাজ করা নির্বাহী কর্মকর্তার দায়িত্বের বিষয়টি সামনে আসে।

সাফে ব্যর্থতার জন্য কোচকে দায়ী করে সম্প্রতি মন্তব্য করেছেন ইকবাল হোসেন। অথচ জাতীয় দলের দলনেতা এবং জাতীয় দল কমিটির সদস্য হয়েও গতকালের গুরুত্বপূর্ণ সভায় তিনি উপস্থিত ছিলেন না। অন্যদিকে কোচ থমাস ডুলির গণমাধ্যমে ধারাবাহিক সাক্ষাৎকার এবং ইকবালের মন্তব্য—দুটিই আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে কি না, তা নিয়েও আলোচনা হয়েছে।

জাতীয় দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের জন্য আচরণবিধি প্রণয়নের বিষয়ে এবার উদ্যোগী হয়েছে বাফুফে। এ জন্য সাধারণ সম্পাদক ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে একটি রূপরেখা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।

আসিয়ান কাপে বাংলাদেশ ৯ গোল হজম করেছিল। এ ছাড়া নাইট ক্লাবকাণ্ড নিয়েও বিতর্ক তৈরি হয়। এসব ঘটনায় ম্যানেজার ও দলনেতা কী প্রতিবেদন দিয়েছেন, তা জাতীয় দল কমিটির অনেক সদস্যই জানেন না। সাফে ব্যর্থতার পর গতকালের সভাতেও তাঁদের কোনো প্রতিবেদন উপস্থাপন করা হয়নি। নাইট ক্লাবকাণ্ডে সভাপতি তদন্ত করবেন বলে যে উদ্যোগের কথা জানানো হয়েছিল, সেটিও আর এগোয়নি। অন্যদিকে কোচ থমাস ডুলিকে বিদায় দেওয়ার আলোচনা সামাল দিতে বিষয়টি পরবর্তী সভায় ঠেলে দেওয়া হয়েছে বলে ধারণা ফুটবলসংশ্লিষ্টদের।

সাফ শুরুর আগে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি; সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে দলকে। ব্যর্থতার কারণ জানতে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সভাপতি জাতীয় দল কমিটির সভা পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন। তবে গতকালের সভার পর কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি নিজে গণমাধ্যমের মুখোমুখি হননি। তাঁর পরিবর্তে কথা বলতে পাঠানো হয় মিডিয়া কমিটির চেয়ারম্যানকে।

বাংলাদেশ ফুটবল, বাফুফে, কিরগিজস্তান, প্রীতি ম্যাচ, তাবিথ আউয়াল, থমাস ডুলি, জাতীয় দল কমিটি, সাফ চ্যাম্পিয়নশিপ, হামজা চৌধুরী

জানুয়ারিতে তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। সাফ ব্যর্থতার পর বাফুফের সভায় কোচ ও কর্মকর্তাদের দায়িত্ব নিয়েও উঠেছে নানা প্রশ্ন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

ইনিংস হার এড়িয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিড নিল বাংলাদেশ

সাফে ভারতের আধিপত্য, নানা ভুলে ফাইনালের বাইরে বাংলাদেশ

বাংলাদেশ নেই, সাফ ফাইনালের টিকিট ১ হাজার থেকে নেমে ২০০ টাকা

পাকিস্তানের কাছে হেরে সাফের সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

‘কোচ চাইলে অধিনায়ক হব’, হামজার চোখ সাফ শিরোপায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।