কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় খুলনা মহানগর যুবদলের উদ্যোগে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মোটরসাইকেল মহড়া এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা নগরীর শিববাড়ি মোড় থেকে মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় যুবদলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন বলেন —নিষিদ্ধ ফ্যাসিস্টরা মনে করেছে, রাতের আঁধারে ককটেল ফাটিয়ে, আগুন দিয়ে, লকডাউনের ভয় দেখিয়ে খুলনাকে থামিয়ে দেবে। ভুল ভাবছে তারা।
খুলনার মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়। আর সেই শান্তি রক্ষার জন্য যুবদল রাজপথে নেমেছে। আমরা কারো উপর হামলা করতে আসিনি, আমরা এসেছি জনগণের জানমাল পাহারা দিতে।
তিনি আরো বলেন, আমি স্পষ্ট করে বলছি — যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা সন্ত্রাস আর নৈরাজ্য ছড়াতে চায়, তাদের খুলনার মাটিতে কোনো জায়গা হবে না। প্রতিটি সড়কে, প্রতিটি মোড়ে যুবদল পাহারায় থাকবে।
জনগণকে সাথে নিয়ে, ঐক্যবদ্ধভাবে আমরা এই নৈরাজ্য রুখে দেবোই। খুলনায় কোনো সন্ত্রাস চলবে না, কোনো লকডাউন চলবে না।
জনগণের জানমালের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করতে খুলনা মহানগর যুবদল দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ বলে মিছিল থেকে জানানো হয়।


