
দেশের ৩০টি কেন্দ্রে প্রায় সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬’। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় আইডিয়াল এডুকেশন সোসাইটির উদ্যোগে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, বৈরী আবহাওয়া উপেক্ষা করে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের শতভাগ উপস্থিতি ছিল বলেও দাবি করেন তারা।

প্রাথমিক পর্যায়ে ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিশুদের যুগোপযোগী ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে আইডিয়াল এডুকেশন সোসাইটি। এ লক্ষ্যে সংগঠনটি বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
‘আলোর পথে, জ্ঞানের সাথে’ প্রতিপাদ্যে আয়োজিত এ কার্যক্রম পরিচালিত হচ্ছে সংগঠনের চেয়ারম্যান মুফতি এইচ এম জুনায়েদ মাহমুদ ও মহাসচিব কে এম জাহিদ তিতুমীরের নেতৃত্বে।


