
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে বাংলাদেশের বিদায়ের প্রভাব পড়েছে দর্শকদের আগ্রহে। ভারত-পাকিস্তান ফাইনাল ঘিরে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় কমেছে টিকিটের দামও। এক হাজার টাকা মূল্যের গ্যালারি টিকিট এখন বিক্রি হচ্ছে মাত্র ২০০ টাকায়।
আগামী ১৭ নভেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যকার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ম্যাচটির টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে আজ গ্যালারি টিকিটের দাম ২০০ টাকা দেখা গেছে। অথচ বাংলাদেশ সেমিফাইনালে উঠলে দাম কমানোর পরও একই টিকিটের মূল্য ছিল ৮০০ টাকা।
সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বাংলাদেশের বিদায়ের পর ফাইনালের গ্যালারি টিকিটের দাম আরও কমানো হয়েছে। তবে পাঁচ ভাগের এক ভাগে নামিয়ে আনার পরও গ্যালারি কতটা পূর্ণ হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালে জাতীয় স্টেডিয়ামের প্রায় ২২ হাজার আসনের বিপরীতে উপস্থিত ছিলেন ২১ হাজার ৯৮৩ দর্শক। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর ফাইনালেও বাংলাদেশের খেলার স্বপ্ন দেখেছিলেন সমর্থকেরা। কিন্তু পাকিস্তানের কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে যায়।
এখন ভারত-পাকিস্তান ফাইনালে দর্শকদের আগ্রহ কতটা থাকে, সেটিই দেখার বিষয়।


