
ওজন স্বাভাবিক, খাদ্যাভ্যাসও নিয়ন্ত্রিত, পরিবারে কারও ডায়াবেটিসের ইতিহাস নেই—তারপরও টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকতে পারে। সাধারণত ভাত বা মিষ্টিজাতীয় খাবারকে ডায়াবেটিসের জন্য দায়ী করা হলেও শরীরে পেশি ও চর্বির অনুপাতও রক্তে শর্করা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
হাত, পা ও পিঠের পেশি শুধু শরীরের নড়াচড়া বা ভারী কাজের জন্য নয়, গ্লুকোজ ব্যবহারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। খাবার থেকে পাওয়া গ্লুকোজের একটি বড় অংশ পেশিতে সঞ্চিত হয় এবং প্রয়োজন অনুযায়ী শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন পেশির কোষকে রক্ত থেকে গ্লুকোজ গ্রহণের সংকেত দেয়।
পেশির পরিমাণ কমে গেলে শরীরের গ্লুকোজ ব্যবহারের সক্ষমতাও কমতে পারে। আবার পেশির কোষ ইনসুলিনের প্রতি যথাযথ সাড়া না দিলে রক্ত থেকে গ্লুকোজ গ্রহণ বাধাগ্রস্ত হয়। এ অবস্থায় অগ্ন্যাশয়কে বেশি ইনসুলিন তৈরি করতে হয়। দীর্ঘদিন এই চাপ চলতে থাকলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।
ওজন কম হলেও ঝুঁকি কেন
একই ওজনের দুজন মানুষের শরীরে পেশি ও চর্বির অনুপাত এক নাও হতে পারে। কাউকে বাইরে থেকে রোগা দেখালেও তাঁর পেটের ভেতরে কিংবা লিভারের চারপাশে অতিরিক্ত চর্বি জমতে পারে। অথচ শরীরে পেশির পরিমাণ থাকতে পারে তুলনামূলক কম।
চিকিৎসাবিজ্ঞানে এ ধরনের শারীরিক গঠনকে ‘থিন ফ্যাট’ ফেনোটাইপ বলা হয়। এ অবস্থায় তুলনামূলক কম বয়সেই টাইপ ২ ডায়াবেটিস ও হৃদ্রোগের ঝুঁকি বাড়তে পারে। তাই ওজন স্বাভাবিক থাকা কিংবা পরিবারে ডায়াবেটিসের ইতিহাস না থাকলেই যে এ রোগের ঝুঁকি নেই, তা নয়।
এ ছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের পেশির ভর ও শক্তি কমতে থাকে। পেশির ভর ও শক্তি কমে যাওয়ার এ অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানে ‘সারকোপেনিয়া’ বলা হয়। এর ফলে শরীরের গ্লুকোজ ব্যবহারের সক্ষমতাও প্রভাবিত হতে পারে।
পেশি ভালো রাখতে ব্যায়াম ও প্রোটিন
খাওয়ার পর হাঁটা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক। তবে শুধু হাঁটলে পেশির শক্তি ও ভর ধরে রাখা সব সময় সম্ভব হয় না। এ জন্য সপ্তাহে অন্তত দুই দিন পেশি শক্তিশালী করার ব্যায়াম করা প্রয়োজন।
পেশি গঠন ও ক্ষয় পূরণে খাবারে পর্যাপ্ত প্রোটিন রাখাও জরুরি। ডাল, ছোলা, পনির, টোফু, ডিম, দই, মাছ ও মাংস প্রোটিনের ভালো উৎস। বিশেষ করে ওজন কমানোর চেষ্টা করলে খাদ্যতালিকা এমনভাবে সাজানো দরকার, যাতে চর্বি কমার পাশাপাশি পেশির ক্ষয় না হয়।


