
বাংলাদেশের অনেক মুসলিম নারীর মধ্যে আজান শোনার সঙ্গে সঙ্গে মাথায় কাপড় টেনে দেওয়ার প্রচলন রয়েছে। কেউ ধর্মীয় অনুশাসন মনে করে, আবার কেউ আজানের প্রতি সম্মান জানাতে এ অভ্যাস অনুসরণ করেন। তবে প্রশ্ন হলো, আজানের সময় নারীদের মাথা ঢেকে রাখা কি ইসলামে বাধ্যতামূলক? এ কাজের জন্য কি বিশেষ কোনো সওয়াব রয়েছে?
ইসলামি শরিয়তে আজানের সময় নারীদের মাথায় কাপড় দেওয়ার আলাদা কোনো বিধান নেই। অর্থাৎ, আজান শুনে মাথা না ঢাকলে গুনাহ হবে—এমন কোনো নির্দেশনাও নেই। তবে নারীদের পর্দার বিধান আলাদা। গায়রে মাহরাম বা যেসব পুরুষের সঙ্গে দেখা করা বৈধ নয়, তাঁদের সামনে নারীদের মাথাসহ শরীরের আবশ্যক অংশ আবৃত রাখা জরুরি।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘হে নবী, তুমি তোমার স্ত্রীদের, তোমার মেয়েদের আর মুমিনদের নারীদের বলে দাও, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের ওপর টেনে দেয় (যখন তারা বাড়ির বাইরে যায়), এতে তাদের চেনা সহজতর হবে এবং তাদের উত্যক্ত করা হবে না। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আহজাব, আয়াত: ৫৯)।
এ আয়াতে ‘জিলবাব’ শব্দটি ব্যবহৃত হয়েছে। ইসলামি ব্যাখ্যায় জিলবাব বলতে এমন চাদর বা বহিরাবরণ বোঝানো হয়, যা দিয়ে নারীরা নিজেদের শরীর আবৃত করেন।
পর্দার বিষয়ে সুরা নুরের ৩১ নম্বর আয়াতেও নির্দেশনা রয়েছে। সেখানে আল্লাহ বলেন, ‘ইমানদার নারীদের বলে দাও, তারা যেন তাদের দৃষ্টি অবনমিত রাখে এবং নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে। তারা যেন নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যা এমনিতেই প্রকাশিত হয় তা ছাড়া। আর তারা যেন তাদের মাথার কাপড় দিয়ে বক্ষদেশ আবৃত করে।’
অর্থাৎ, পরপুরুষের সামনে শালীনতা বজায় রাখা এবং পর্দার বিধান অনুসরণ করা নারীদের জন্য গুরুত্বপূর্ণ ধর্মীয় নির্দেশনা। তবে এর সঙ্গে আজানের সময়ের কোনো বিশেষ বাধ্যবাধকতা যুক্ত নয়।
এ বিষয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তাঁর ইউটিউব চ্যানেলে ‘আজানের সময় নারীদের মাথায় কাপড় দেওয়া বাধ্যতামূলক কি না’—এমন প্রশ্নের জবাবে বলেন, নারীদের গায়রে মাহরাম পুরুষের সামনে মাথা ঢেকে রাখা এবং নিজেদের সৌন্দর্য আবৃত করা জরুরি। তবে ঘরে থাকা অবস্থায় আজান শুনে সঙ্গে সঙ্গে মাথায় কাপড় দেওয়া বাধ্যতামূলক নয়। আজানের সঙ্গে মাথা ঢাকার কোনো বিশেষ সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, যেসব পুরুষের সামনে নারীদের পর্দা করতে হয়, তাঁরা সামনে এলে মাথা ঢেকে রাখতে হবে।
অন্যদিকে, ইসলামবিষয়ক ওয়েবসাইট ‘মুসলিম বাংলা’য় দেওয়া এক প্রশ্নের উত্তরে শাইখ উমায়ের কোব্বাদী বলেন, মাথায় কাপড় দেওয়া আজান-সংশ্লিষ্ট কোনো আমল নয়। নারীদের পর্দার বিধান অনুযায়ী মাথা ঢেকে রাখা উচিত। তবে কোনো নারী ঘরে অসতর্ক অবস্থায় মাথায় কাপড় না পরে থাকলে আজানের সময় সতর্ক হয়ে মাথা ঢেকে নিতে পারেন। এটি তাঁর আল্লাহভীতি ও শালীনতার প্রতি সচেতনতার প্রকাশ হতে পারে।
সুতরাং, আজানের সময় মাথায় কাপড় দেওয়া নারীদের জন্য বাধ্যতামূলক নয়। তবে পর্দার বিধান মেনে গায়রে মাহরাম পুরুষের সামনে মাথা ও শরীর আবৃত রাখা জরুরি। আজানের প্রতি সম্মান ও ধর্মীয় অনুভূতি থেকে কেউ মাথায় কাপড় দিলে সেটিকে ব্যক্তিগত ধর্মীয় অনুশীলন হিসেবে দেখা যেতে পারে; কিন্তু একে আজান-নির্দিষ্ট ফরজ বা ওয়াজিব আমল মনে করার সুযোগ নেই।


