
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় এক পুলিশ সদস্যকে মাটিতে ফেলে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সুপারশপের সামনে এ ঘটনা ঘটে।
সড়কের পাশের একটি বাসার বারান্দা থেকে ঘটনাটি ভিডিও করেন এক নারী। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি জানান, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দিলে কয়েকজন সদস্য মিরপুর-১২-এর বি ব্লকের ৪/২ নম্বর সড়কে প্রবেশ করেন। একপর্যায়ে তাঁরা বিক্ষোভকারীদের মধ্যে আটকা পড়েন।
ওই প্রত্যক্ষদর্শীর ভাষ্য, বিক্ষোভকারীরা চারদিক থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছিলেন। এ সময় পুলিশ সদস্যরা আশ্রয়ের জন্য বিভিন্ন বাসা ও দোকানে প্রবেশ করেন। তবে এক পুলিশ সদস্য নিরাপদ আশ্রয়ে যেতে না পেরে বিক্ষোভকারীদের ঘেরাওয়ের মুখে পড়েন। পরে তাঁকে মাটিতে ফেলে মারধর করা হয়।
সুপারশপের এক কর্মীও ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, ‘হঠাৎ কিছু লোকজন পুলিশকে মাটিতে ফেলে পেটাতে শুরু করে। পরে আমরা দোকানের শাটার বন্ধ করে দোতলায় চলে যাই। এরপর কী হয়েছে, তা ঠিক জানি না।’
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম দক্ষিণ বিভাগের উপকমিশনার তৌহিদুল আরিফ। তিনি বলেন, কিছু দুষ্কৃতকারী পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে। তারা মিরপুর-১১ নম্বর সড়কে ব্যারিকেড দিয়েছিল। পুলিশ কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তৌহিদুল আরিফের দাবি, বর্তমানে মাঠে অবস্থানকারীদের সবাই প্রকৃত পোশাকশ্রমিক কি না, তা নিয়ে পুলিশের সন্দেহ রয়েছে। তাঁদের বিশেষ কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।
পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় কতজন সদস্য আহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি এই কর্মকর্তা। তিনি বলেন, তিনি তখনো ঘটনাস্থলে ছিলেন। আহত ও গ্রেপ্তার ব্যক্তিদের সঠিক সংখ্যা পরে জানা যাবে।
সড়কে যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন অলিগলিতে পুলিশ টহল দিচ্ছে। কোথাও কেউ অবস্থান করছে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
সকালে এক পুলিশ সদস্যকে লাঠি দিয়ে মারধরের একটি ভিডিও দেখেছেন বলেও জানান তৌহিদুল আরিফ। তাঁর ভাষ্য, ভিডিওটি ছড়িয়ে পড়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আন্দোলনকারীদের পরিচয় এবং তাঁদের পেছনে অন্য কোনো পক্ষের ইন্ধন রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।


