
খুলনা মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরের রায়েরমহল বড় মসজিদের পেছনে তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান হিল ক্যান্টিনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হুমায়ুন কবির তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হুমায়ুন কবিরের স্বজন সৈয়দ দিদারুল করিম বিপ্লব দাবি করেন, ছাত্রনেতা আরাফাত ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ছোট চাচা হুমায়ুন কবিরের ওপর হামলা করে। তারা তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হুমায়ুন কবিরের স্বজনরা।
এ বিষয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) ডিসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে অপরাধীদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।


