
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই কমেছে।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ২০২৪ সালে ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। দুই বছরের ব্যবধানে পাসের হার কমেছে ২৫ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট।
জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও ধারাবাহিকভাবে কমেছে। ২০২৪ সালে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন, ২০২৫ সালে ৬৯ হাজার ৯৭ জন এবং এবার ৪০ হাজার ৮৪ জন জিপিএ-৫ পেয়েছেন। গত বছরের তুলনায় এবার এ সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।
এবার ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন ছাত্র এবং ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন ছাত্রী।
গত ২ জুলাই পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত হয়। পরে ৯ সেপ্টেম্বর ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয়।


