
এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে সারা দেশে ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন।
শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে ৪ লাখ ২ হাজার ৫২ জন। মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয়। এতে ৫৬ হাজার ২৫৯টি খাতায় নম্বর পরিবর্তন হয়েছে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪১ হাজার ৬২৫ জন আবেদনকারীর মধ্যে ২৫ হাজার ৬২০ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৩ হাজার ৬৬৬ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৪০ জন।
একক বোর্ড হিসেবে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৯৪ হাজার ২৩৬ জন পুনর্নিরীক্ষণের আবেদন করে। তাদের মধ্যে ৮ হাজার ৯৯৯ জনের গ্রেড পরিবর্তন হয়েছে এবং ৯০৬ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। আর ফেল থেকে পাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে ময়মনসিংহ বোর্ডে—১ হাজার ১৮০ জন। এছাড়া মাদ্রাসা বোর্ডে ২৫৫ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬৬৪ জন ফেল থেকে পাস করেছে।


