সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার, আসছে ৫ রোবটিক সার্জারি মেশিন | চ্যানেল খুলনা

স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার, আসছে ৫ রোবটিক সার্জারি মেশিন

স্বাস্থ্য খাতের উন্নয়নে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে প্রায় ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আহ্বান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ছাড়া দেশে পাঁচটি রোবটিক সার্জারি মেশিন আনা, ক্যানসার চিকিৎসায় রেডিওথেরাপি মেশিন সরবরাহ এবং চিকিৎসক-নার্স নিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে জনগণের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনা এক দিন বা এক মাসে দূর করা সম্ভব নয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের পাশাপাশি নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাভাবিক প্রসবের হার বাড়াতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনাও রয়েছে। ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলোকে ফ্যামিলি ওয়েলবিং সেন্টারে রূপান্তরের পরিকল্পনা করছে সরকার।

চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপের কথা স্বীকার করে মন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা কম। একজন চিকিৎসকের পক্ষে যেখানে ৫০ জন রোগী দেখা সম্ভব, সেখানে অনেক সময় তাঁকে ২৫০ থেকে ৩০০ জন রোগী দেখতে হচ্ছে। এতে চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে এবং সেবার মান বজায় রাখা কঠিন হয়ে পড়ছে।

তিনি বলেন, “একটা মৃত্যুর জন্য আমাদের সবারই মন কাঁদে। কিন্তু আমাদের ১৮ কোটি মানুষের জন্য ডাক্তার আছে কয়জন? একটা ডাক্তার ৫০টা রোগী দেখতে পারে, সেখানে ২৫০-৩০০ রোগী দেখতে হয়। হাঁপিয়ে যায়, তখন মাথার মেধা কাজ করে না।”

চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ থাকলেও দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা গ্রহণ করা হবে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তাঁর ভাষ্য, চিকিৎসাসেবায় গাফিলতি, চিকিৎসকদের অনুপস্থিতি কিংবা দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় কয়েকজন চিকিৎসককে অনুপস্থিত পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, তাঁদের রোস্টার তালিকা সংগ্রহ করা হয়েছে। যাচাই শেষে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি হাসপাতালের কাছে ক্লিনিক স্থাপনে বিধিনিষেধ

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপন করা যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি বেসরকারি ক্লিনিকগুলো নির্ধারিত নিয়ম ও শর্ত মেনে পরিচালিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হবে।

তিনি বলেন, কোনো ক্লিনিকে লেবার রুম না থাকলে, চিকিৎসাসেবায় অব্যবস্থাপনা দেখা দিলে কিংবা যথাযথ সেবা না দেওয়ার কারণে রোগীর মৃত্যু হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত শর্ত পূরণ না করলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথাও জানান তিনি।

উপজেলা হাসপাতাল উন্নয়নের পরিকল্পনা

এর আগে শনিবার সকালে ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা ও ময়লা-আবর্জনা দেখতে পেয়ে বাথরুম সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, হাসপাতালের বাথরুমগুলো আগামী দুই দিনের মধ্যে সংস্কার ও পরিষ্কার করতে বলা হয়েছে। হাসপাতালের অন্যান্য স্থানেও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো ইনডোর সেবা চালু হয়নি উল্লেখ করে তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে চিকিৎসক নিয়োগ দিয়ে এ সেবা চালু করা হবে।

ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এসব হাসপাতালে ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, মাতৃসেবা এবং শিশুদের জন্য পৃথক শয্যার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। হাসপাতাল দুটির সক্ষমতা বাড়ানো গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওপর রোগীর চাপ কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, উপপরিচালক (পরিচালকের দায়িত্বপ্রাপ্ত) ডা. মো. জাকীউল ইসলাম, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদেরও এইচপিভি টিকার সুপারিশ ডব্লিউএইচওর

অক্টোবরে ১১ দিনে ডেঙ্গুতে ৬২ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

আরও ৩৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্য

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭৮

খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।