
দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে টিকার বাইরে থাকা প্রায় ৩৪ লাখ শিশুকে এমআর (হাম-রুবেলা) টিকার আওতায় আনতে দ্বিতীয় দফার বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএনটি মাঠে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। কর্মসূচি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২০ সালের পর নিয়মিত এমআর টিকাদান কর্মসূচি বন্ধ থাকায় অনেক শিশু টিকার সুরক্ষা থেকে বঞ্চিত হয়েছে। হামের প্রাদুর্ভাবের মধ্যে এর প্রভাব এখন দেখা যাচ্ছে।
তিনি বলেন, অপুষ্টিতে ভোগা শিশুদের হামের কারণে নিউমোনিয়াসহ জটিলতা দেখা দিতে পারে। সংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমসহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এপ্রিলে বিশেষ এমআর কর্মসূচিতে ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়। পরে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে একই বয়সী শিশুদের তথ্য যাচাই করে প্রায় ৪৩ লাখ শিশুর এমআর টিকা না নেওয়ার বিষয়টি শনাক্ত হয়। তাদের মধ্যে প্রায় ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনতেই দ্বিতীয় দফার কর্মসূচি নেওয়া হয়েছে।


