
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর থেকেই দেশে নতুন করে সংকট তৈরি হয়েছে। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রমের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, বিরোধী দলের পক্ষ থেকে দুটি শপথ নেওয়া হলেও সরকার একবার শপথ নিয়েছে। তাদের কথিত ‘অপনীতি’র কারণেই দেশে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, সংসদে যাওয়ার পেছনে তাদের ব্যক্তিগত সুবিধা বা বেতন-ভাতা পাওয়ার কোনো উদ্দেশ্য নেই। জনগণের প্রতিনিধিত্ব করা এবং মানুষের কথা তুলে ধরাই সংসদে যাওয়ার মূল লক্ষ্য।
নির্বাচনের আগে বিএনপি জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর সেগুলো বাস্তবায়ন করা হয়নি বলেও অভিযোগ করেন শফিকুর রহমান। তার দাবি, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত না হওয়ায় সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন সমস্যা ও জনভোগান্তির বিষয় সংসদে তুলে ধরে আলোচনা করতে চাইলেও সরকারি দলের পক্ষ থেকে তা অনুমোদন দেওয়া হচ্ছে না। জনগণের সমস্যা নিয়ে সংসদে কার্যকর আলোচনা ও মতবিনিময়ের সুযোগ থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়েও কথা বলেন জামায়াত আমির। তার দাবি, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ না করে অন্য দেশকে বেছে নিচ্ছেন।
কর্মসংস্থান প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, সরকার নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং দেশে বেকারত্ব বাড়ছে বলে দাবি করেন তিনি।


