
যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সভাপতি ও এক কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কায়বা ও যাদবপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—গোগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রায়হান কবির রানা (৩৫) এবং একই সংগঠনের সক্রিয় কর্মী রাব্বি হাসান জিকু (২০)। রায়হান গোগা মোল্লাপাড়ার রহমত মোল্লার ছেলে। আর জিকু যাদবপুর গ্রামের মেহেদী হাসান রিংকুর ছেলে।
পুলিশ সূত্র জানায়, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় দায়ের হওয়া একটি নিয়মিত মামলার তদন্তে পাওয়া আসামিদের আটকের জন্য অভিযান চালানো হয়। মামলাটিতে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি এবং বিস্ফোরক উপাদান আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে কায়বা এলাকায় অভিযান চালিয়ে গোগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রায়হান কবির রানাকে আটক করা হয়। পরে একই রাতে যাদবপুর এলাকায় জিকুর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুজনকে মঙ্গলবার যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


