সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারল বাংলাদেশ নারী ফুটবল দল | চ্যানেল খুলনা

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারল বাংলাদেশ নারী ফুটবল দল

প্রথমার্ধে দুই গোল হজম করে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পর ঘুরে দাঁড়িয়ে ব্যবধান কমানোর দুটি সুযোগও পেয়েছিল মেয়েরা। কিন্তু কোনোটি কাজে লাগাতে পারেনি তারা। এরপর ম্যাচের শেষ ২৫ মিনিটে আরও চার গোল হজম করে এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

নাগাই স্টেডিয়ামে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একাদশে ছয়টি পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হারের পর এবার শুরু থেকেই রক্ষণ সামলে খেলার কৌশল নেয় বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়েও দক্ষিণ কোরিয়া বাংলাদেশের চেয়ে ৯৪ ধাপ এগিয়ে।

ম্যাচের শুরু থেকেই চাপের মধ্যে ছিল বাংলাদেশ। ১৬ মিনিটে সেই চাপ থেকেই গোল পেয়ে যায় দক্ষিণ কোরিয়া। কিম মিন-জির শটে এগিয়ে যায় তারা।

এরপর বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমার কয়েকটি দুর্দান্ত সেভ দলকে ম্যাচে টিকিয়ে রাখে। ৩৩ মিনিটে কর্নার থেকে আসা বল প্রথম প্রচেষ্টায় ঠেকানোর পর ফিরতি শটও আটকে দেন রূপনা। দুই মিনিট পর চু হাইজুর দূরপাল্লার শটও লাফিয়ে উঠে মুঠোবন্দী করেন তিনি।

তবে ৪২ মিনিটে আরেকটি আক্রমণ সামলাতে পারেনি বাংলাদেশের রক্ষণ। দ্রুত প্রতি-আক্রমণে উঠে জং দা-বিনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। বিরতির ঠিক আগে আবারও গোলের সুযোগ পেয়েছিলেন দা-বিন। তবে তাঁর হেড ধরে ফেলেন রূপনা।

দ্বিতীয়ার্ধে নিজেদের খেলায় কিছুটা পরিবর্তন আনে বাংলাদেশ। মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমারা নিচ থেকে পাস বাড়িয়ে আক্রমণে ওঠার চেষ্টা করেন। তাতে গোলের সুযোগও তৈরি হয়।

৫৬ মিনিটে ডান দিক দিয়ে উঠে দক্ষিণ কোরিয়ার বক্সে ঢোকার চেষ্টা করেন আনিকা সিদ্দিকী। তবে তাঁকে আটকে দেন গোলরক্ষক। দুই মিনিট পর আরও ভালো সুযোগ পায় বাংলাদেশ। শামসুন্নাহার জুনিয়রের থ্রু পাস ধরে টপ কর্নার লক্ষ্য করে শট নেন আনিকা। সেটিও রুখে দেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক।

ওই দুটি সুযোগ কাজে না লাগানোর পর ম্যাচে ফেরার পথ আরও কঠিন হয়ে যায় বাংলাদেশের। ৬৫ মিনিটে চোই ইউরির গোলে ব্যবধান ৩-০ করে দক্ষিণ কোরিয়া। ৭৭ মিনিটে জি সো-ইউনের গোলের পর ৭৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইউরি।

যোগ করা সময়েও গোল হজম করে বাংলাদেশ। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে কো ইউ-জিনের গোলে ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া।

এশিয়ান গেমসে দুই ম্যাচ খেলে বাংলাদেশের জালে এখন প্রতিপক্ষের ১৬ গোল। বিপরীতে এখনো কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে আগামী ২১ সেপ্টেম্বর মিয়ানমারের মুখোমুখি হবে রূপনা-ঋতুপর্ণাদের দল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিশ্বসেরা রিবাকিনা

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

ব্যালন ডি’অরে ষষ্ঠ মেক্সিকান কুইনোনেস

খুলনায় প্রীতি ফুটবল ম্যাচে জয়ী টিম রূপালী বাংলাদেশ

‘মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ থাকলে সে ফুটবল বোঝে না’

ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন মেসি, নেই রোনালদো

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।