
দিঘলিয়ায় চুরি করতে এসে তিনতলা মহিলা মাদ্রাসা ভবন থেকে পড়ে মোঃ হাবিবুর রহমান ওরফে সায়েম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে পুলিশ রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে। নিহত সায়েম দিঘলিয়া গ্রামের মৃত রফিকুল ইসলাম শেখের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিঘলিয়া গ্রামে অবস্থিত গুলে জান্নাত ও রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা নামে দু’টি প্রতিষ্ঠান পরিচালনা করেন মুফতী মোহাম্মদ আজিজুর রহমান সোহেল। গুলে জান্নাত মাদ্রাসার তিনতলা ভবনের পিছনের দিকে দরজাসহ সায়েমকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে সায়েমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, নিহত সায়েমের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরির অভিযোগ রয়েছে। প্রাথমিক ধারণা তিনতলা মাদ্রাসা ভবনের ছাদ থেকে লোহার দরজা চুরি করে ভবনের পেছন দিক দিয়ে নামার সময় সে পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই মারা যেতে পারে।
পুলিশ জানায়, মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।


