
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর জানিয়েছেন, একাদশ শ্রেণির পর পড়াশোনা ছেড়ে অভিনয়ে আসার সিদ্ধান্ত নিয়ে এখনো তার আক্ষেপ রয়েছে। নিজের অভিজ্ঞতা থেকে দুই ছেলে তৈমুর ও জেহকে আগে পড়াশোনা শেষ করার পর পছন্দের পেশা বেছে নিতে উৎসাহ দেন তিনি।
সম্প্রতি এক পডকাস্টে কারিনা বলেন, সুযোগ থাকা সত্ত্বেও অভিনয় ক্যারিয়ার গড়তে পড়াশোনা শেষ করেননি। বিষয়টি নিয়ে তার মনে সারাজীবন আক্ষেপ থাকবে বলেও জানান তিনি।
কারিনা বলেন, নিজের সন্তানদের ক্ষেত্রে তিনি ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। তারা আগে পড়াশোনা শেষ করবে, এরপর নিজেদের পছন্দের পথে এগোবে।
২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় কারিনার। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বর্তমানে মেঘনা গুলজারের ‘দায়রা’ সিনেমায় পুলিশের ডিসিপি অজুনি কোহলির চরিত্রে অভিনয় করছেন কারিনা।


