![]()
৩৯ পেরিয়েও গোলের ক্ষুধা কমেনি লিওনেল মেসির। মেজর লিগ সকারে (এমএলএস) রবিবার (৩০ আগস্ট) মন্ট্রিয়লের বিপক্ষে একাই চার গোল করে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন আর্জেন্টাইন এই তারকা।
পেশাদার ক্যারিয়ারে মেসির চার বা তার বেশি গোল করার ঘটনা এবার নিয়ে নবম। এক ম্যাচে চার গোলের যাত্রা শুরু হয় ২০১০ সালে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে। এরপর ২০১২ সালে ভ্যালেন্সিয়া ও এস্পানিওলের বিপক্ষে চার গোল করেন তিনি। একই বছর বায়ার লেভারকুসেনের বিপক্ষে এক ম্যাচে পাঁচ গোল করে ইতিহাস গড়েন।
২০১৩ সালে ওসাসুনার বিপক্ষে চার গোল করেন মেসি। এরপর ২০১৭ ও ২০২০ সালে এইবারের বিপক্ষেও এক ম্যাচে চার গোলের কীর্তি গড়েন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ২০২২ সালে এস্তোনিয়ার বিপক্ষে এক ম্যাচে পাঁচ গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক।
সবশেষ ইন্টার মায়ামির হয়ে মন্ট্রিয়লের বিপক্ষে চার গোল করে নিজের সেই বিশেষ তালিকায় আরেকটি অধ্যায় যোগ করেছেন মেসি।
এদিকে ক্যারিয়ারে মেসির হ্যাটট্রিকের সংখ্যা ৬২। এর মধ্যে বার্সেলোনার হয়ে ৪৮টি, আর্জেন্টিনার হয়ে ১১টি এবং ইন্টার মায়ামির হয়ে তিনটি হ্যাটট্রিক করেছেন তিনি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে সর্বোচ্চ চারটি হ্যাটট্রিক রয়েছে তার। এছাড়া আতলেতিকো মাদ্রিদ, এস্পানিওল, দেপোর্তিভো লা করুনিয়া ও ওসাসুনার বিপক্ষে তিনটি করে হ্যাটট্রিক করেছেন এই তারকা।


