
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য ঘোষণার ইসির প্রস্তাব বাতিল করতে হবে।
এছাড়া রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া স্থানীয় সরকারের প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং ইসির অতিরিক্ত সচিব সামসুল আলমের নিয়োগ বাতিলের দাবিও জানায় দলটি। তাদের অভিযোগ, রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিকে ইসিতে নিয়োগ দেওয়া হলে নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে।
জামায়াত আরও দাবি করেছে, নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী নেতাদেরও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। তবে ইসি জানিয়েছে, উত্থাপিত বিষয়গুলো তারা পর্যালোচনা করবে।


