
খুলনার বটিয়াঘাটায় ব্যবসাপ্রতিষ্ঠান সংক্রান্ত বিরোধের জেরে রেজাউল শেখ হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেকেই ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে এ মামলার অপর এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার (২৭ জুলাই) দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- খুরশিদ আলম, সালাম ও খায়রুল। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৩১ মার্চ সকাল ৮টার দিকে রেজাউল শেখ উপজেলার ঝালবাড়ি গ্রামের বাজারে নিজের দোকানের কাছাকাছি ঘোরাঘুরির সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা চার দুর্বৃত্ত বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে।
এর পর তিনি মাটিতে পড়ে গেলে তারা একাধিক আঘাত করতে থাকে। রেজাউলের ছোট ভাই ঠেকাতে এলে তাকেও তারা আঘাত করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্রটি আরও জানায়, এ ঘটনার দিন সন্ধ্যায় নিহতের ছোটভাই মেঝবাহ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এতে তিনি ঝালবাড়ি এলাকার বাসিন্দা কলম বক্সের ছেলে আ. ছালাম ও ছালাম শেখের দুই ছেলে মো. খুরশিদ আলম (৩৫) ও মো. খায়রুল শেখ (২৮) এবং একই এলাকার কালাবাবুর ছেলে এরশাদকে আসামি করেন।
২০১৯ সালের ১১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. গোলাম রসুল উল্লিখিতদের আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


