
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। মাঠে রেকর্ড ভাঙছেন লিওনেল মেসি, আর মাঠের বাইরেও তাকে নিয়ে চলছে ভক্তদের উচ্ছ্বাস।
তবে এবার সেই উন্মাদনায় যোগ হলো বাংলার লোকসংগীতের কিংবদন্তি শাহ আব্দুল করিমের নামও।
বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
তার এই অর্জন উদযাপন করতে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছে ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজ। সেই পোস্টে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরা মেসি দুই হাত উঁচিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন।
আকাশে জ্বলজ্বল করছে তার নতুন গোল সংখ্যা ‘১৮’। আর পোস্টারের ওপরে লেখা- ‘কী যাদু করিয়া মেসি মায়া লাগাইছে’।
লাইনটি বাঙালির হৃদয়ে গেঁথে থাকা কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জনপ্রিয় গান ‘কী যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে’ থেকে অনুপ্রাণিত। প্রেম, টান আর মায়ার সেই চিরন্তন অনুভূতিকেই যেন ফুটবলপ্রেমীদের ভাষায় নতুনভাবে তুলে ধরেছে ফিফা।


