
যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেলের পাম্পের সামনে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক ও ভ্যানের চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একই সঙ্গে কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নিহত ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার ঘুনিপূর্বপাড়া গ্রামের মৃত হাসান আলী মোল্লার ছেলে ইজিবাইকচালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪), তাঁর চার বছরের শিশুসন্তান সৌভিক সাহা এবং চাউলিয়া গ্রামের মৃত কালু শেখের ছেলে ভ্যানচালক আনোয়ার আলী (৭০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে যশোরমুখী একটি কাভার্ড ভ্যান রূপদিয়ার চাউলিয়া তেল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দেয়। এতে কাভার্ড ভ্যানের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ইজিবাইকচালক আইয়ুব আলী ও যাত্রী বৃষ্টি সাহা মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার আলী ও সৌভিক সাহা নামে এক শিশুর মৃত্যু হয়। বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে সাজ্জাদ হোসেনসহ (২৮) আরও দুজন আহত চিকিৎসাধীন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাকিরুল ইসলাম জানিয়েছেন।
নিহত আনোয়ার আলীর ছেলে জামাল হোসেন জানান, ভ্যানে করে তিন যাত্রী নিয়ে চারুলিয়া যাচ্ছিলেন তাঁর বাবা। পথে কাভার্ড ভ্যান ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দিলে তাঁর বাবা মারা যান। এদিকে দুর্ঘটনার পরপর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা ঘটনাস্থলে প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাঁরা কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাভার্ড ভ্যানের আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মাছুম খান বলেন, সড়ক দুর্ঘটনার পরে নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


