
চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি আইরিশ হোটেলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে ১২ ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন বুলেট বৈরাগী।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বুলেট বৈরাগী কুমিল্লা কোতোয়ালি থানা এলাকার পানপট্টি এলাকার সুশীল বৈরাগীর ছেলে। তিনি ঢাকা কাস্টমস অফিসে কাস্টমস, ভ্যাট এক্সসাইজ ও ভ্যাট বিভাগে কর্মরত ছিলেন। তিনি ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণ নিতে চট্টগ্রামে গিয়েছিলেন।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মমিন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ মহাসড়কের আইরিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে দুপুর ১টার দিকে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি বুলেট বৈরাগীর বলে শনাক্ত করেন।
ওসির দেওয়া তথ্যমতে, মরদেহে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মুখমণ্ডল কিছুটা রক্তাক্ত ছিল।


