
ফেনীর মাস্টারপাড়া এলাকায় পথচারী এক নারীকে উদ্দেশ করে অশ্লীল অঙ্গভঙ্গি ও মন্তব্য করার অভিযোগে মো. রুবেল খান নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সংঘটিত ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
পুলিশ জানায়, ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়।
রুবেল বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ফেনী পৌরসভার পূর্ব উকিলপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
অভিযোগ রয়েছে, সোমবার সকালে মাস্টারপাড়া এলাকার সোবহান মঞ্জিলের সামনে এক নারী পথচারীকে লক্ষ্য করে তিনি অশ্লীল মন্তব্য করেন। প্রতিবাদ করলে আরও কুরুচিপূর্ণ আচরণ করেন।
এ ঘটনায় ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


