
খুলনার ফুলতলা থেকে নগরে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া স্টেশনপ্রতি ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে চাপে পড়েছেন সাধারণ যাত্রীরা।
নতুন ভাড়া অনুযায়ী, ফুলতলা থেকে ডাকবাংলা ৬০ টাকা এবং রুপসা ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। দৌলতপুর-খুলনা বেবীট্যাক্সি সিএনজি চালিত অটোরিকশা ও থ্রি-হুইলার ড্রাইভার ইউনিয়ন গত ৫ এপ্রিল এ ভাড়া তালিকা নির্ধারণ করে।
চালকরা জানান, গ্যাসের দাম বাড়ার কারণে ভাড়া সমন্বয় করা হয়েছে। সিএনজি চালক কামাল হোসেন হাওলাদার বলেন, “গ্যাসের দাম ধাপে ধাপে বাড়ায় আমাদের খরচ বেড়েছে, তাই ভাড়া বাড়ানো হয়েছে।”
অন্যদিকে, যাত্রীরা এ ভাড়া বৃদ্ধিকে অযৌক্তিক বলছেন। ফুলতলার বাসিন্দা ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম বলেন, “ভাড়া সামান্য বাড়ানো হলেও সব স্টেশনে একসঙ্গে বাড়ানো ঠিক হয়নি। এতে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
এ বিষয়ে ইউনিয়নের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।


