
খুলনা জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত।বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিদায়ী জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকারের স্থলাভিষিক্ত হলেন।
মিজ হুরে জান্নাত বিসিএস (প্রশাসন) ২৭তম ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নিজ জেলা দিনাজপুর।
গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ আদেশ জারি করা হয়। উলেখ্য, একই আদেশে দেশের আরও ১০টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
ইহিতাস থেকে জানা গেছে, ১৮৪২ সালে খুলনা এলাকাটি যশোর জেলার মহকুমা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। পরবর্তীতে রূপসা নদীর তীরের নতুন উদীয়মান এই খুলনার ক্রমবর্ধমান ভৌগোলিক গুরুত্ব ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় প্রশাসনিক সুবিধার্তে ১৮৮১ সালে খুলনাকে আলাদা জেলার মর্যাদা দেওয়া হয়। পরে অবকাঠামো নির্মাণ শেষে ১৮৮২ সালে সাতক্ষীরা মহাকুমাকে নতুন গঠিত এই খুলনা জেলায় যুক্ত করে খুলনা জেলা আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এবারই প্রথম নারী জেলা প্রশাসক পেল খুলনা।


