
সাভারের আলোচিত সেই সিরিয়াল কিলার মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট ওরফে সবুজ শেখ মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ বলেন, ২৩ মার্চ ভোরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট ওরফে সবুজ শেখকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।
চলতি বছরের গোড়ার দিকে সাভার থানা রোডের পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে একের পর এক রহস্যে ঘেরা খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। পরে নিবিড় নজরদারিতে ধরে পড়ে সিরিয়াল কিলার মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট ওরফে সবুজ শেখ।


