এসএসসি পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই কেন্দ্রে ভিড় করতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। আর সকাল সাড়ে ৮টা থেকেই তাদের কেন্দ্রের ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। যানজট নিয়ন্ত্রণ ও কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষাবোর্ডের নির্দেশনায় কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে কেন্দ্রগুলোর সামনে পুলিশি নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাইকিং করে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে রাজধানীর উত্তরার রাজউক মডেল কলেজের সামনে সরেজমিনে ঘুরে দেখা যায়, পরীক্ষা শুরুর আগে থেকেই বিপুলসংখ্যক শিক্ষার্থী কেন্দ্রে এসে উপস্থিত হচ্ছে। কেন্দ্রের মূল ফটকে পুলিশের কড়া প্রহরা দেখা গেছে। শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং গেটে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এদিকে, মাইকিংয়ের মাধ্যমে বারবার শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। ঘোষণায় বলা হচ্ছে, পরীক্ষার্থীরা যেন নির্ধারিত কক্ষে গিয়ে অবস্থান করে এবং কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস—বিশেষ করে মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ—কেন্দ্রে না আনে।
এসময় আরও বলা হয়, শিক্ষার্থীদের শুধুমাত্র একটি স্বচ্ছ (ট্রান্সপারেন্ট) ফাইলের মধ্যে এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেন্সিল ও স্কেল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলা পরীক্ষা হওয়ায় ক্যালকুলেটর বহনেরও প্রয়োজন নেই বলে জানানো হয়। অভিভাবকদের প্রতিও বিশেষ অনুরোধ জানিয়ে মাইকিংয়ে বলা হচ্ছে, সন্তানকে কেন্দ্রে পৌঁছে দিয়ে গেটের সামনে ভিড় না করতে এবং দ্রুত স্থান ত্যাগ করতে। গেটের সামনে কোনো ধরনের জটলা বা বিশৃঙ্খলা না করার আহ্বান জানানো হয়। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় বসছে। গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে প্রায় ৭১ হাজার ৬২৬ জন। বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে এবং সবচেয়ে কম সিলেট বোর্ডে। সূচি অনুযায়ী, বাংলা প্রথম পত্রের মাধ্যমে আজ পরীক্ষা শুরু হচ্ছে। লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।


